এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

ধুনটে হেলমেটধারীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে পূর্ববিরোধের জেরে হেলমেটধারী কয়েকজন যুবকের ছুরিকাঘাত ও মারধরে লিমন সরকার (২৫) নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত লিমনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত লিমন সরকার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। তিনি বহালগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চৌকিবাড়ী ইউনিয়নের নসরৎপুর খেলার মাঠে একটি ইসলামি জলসা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিমন। রাত ১১টার দিকে তিনি পাঁচথুপি বাজারের একটি কেজি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অপেক্ষায় থাকা হেলমেটধারী কয়েকজন যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। লিমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত লিমন সরকারের দাবি, রাজনৈতিক পূর্ববিরোধের জেরে বিরোধী দলের কর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন। তবে হামলাকারীদের মাথায় হেলমেট থাকায় তিনি তাঁদের কাউকে চিনতে পারেননি।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply