
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
সারাদেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু দুষ্কৃতকারীর অপকর্মের মাধ্যমে দেশের উন্নয়ন থামানো যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের ফ্যাসিস্টরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। যেকোনো দাবি আদায়ের জন্য তারা আইনি প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যেতে পারে।
মাতৃভূমিকে এগিয়ে নিতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই না।’
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জহিরুল হাছান এবং কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন, হত্যা ও পাতানো নির্বাচনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। তবে ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত দলের দুষ্কৃতকারীরা দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা চালিয়ে সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। বর্তমান সরকারের আট মাসের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এসব সহিংসতা চালানো হচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন। এ সময় তাঁরা দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।








