এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

গ্রামীণ স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি ডাঃ টিপুর

এম এ মতিন (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় ১৪টি ইউনিয়নের পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মাঝে চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল একটি ক্যারি ব্যাগ, স্টেথোস্কোপ ও রক্তচাপ পরিমাপের যন্ত্র (বিপি মেশিন)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শাহরিয়ার, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, মান্দা উপজেলা পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ ১৪টি ইউনিয়নের পল্লী চিকিৎসকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, চিকিৎসাসেবার শুরুতেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা পরিহার করতে হবে। রোগীর লক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে চিকিৎসা দিতে হবে। সাধারণ সর্দি, কাশি, জ্বর ও ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়।

তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে পল্লি চিকিৎসকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জটিল রোগের ক্ষেত্রে রোগীদের নিবন্ধিত চিকিৎসকের কাছে পাঠাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি রোগীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, পল্লী চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী দিয়ে সহযোগিতা করা এবং গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।##

Leave a Reply