
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলনকক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলা ভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক। তিনি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবগুলোকে ফেডারেল কাঠামোর আওতায় পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং জেলার নামের আদ্যক্ষর সমন্বয়ে ‘টানে কিশে মজা’ স্লোগানকে সামনে রাখার কথা বলা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, বৃহত্তর ময়মনসিংহের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে ফেডারেল কাঠামোর আওতায় এনে ছয় জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানো তাঁদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি ও সময়োপযোগী সাংবাদিকতায় প্রশিক্ষণ এবং আঞ্চলিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হবে। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য জোরদারেও সংগঠনটি কাজ করবে।
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, পারস্পরিক যোগাযোগ ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ছয় জেলার সাংবাদিকদের মধ্যে সাংগঠনিক সমন্বয় ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








