এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topআন্তর্জাতিক

তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা

তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এর মাত্র ১২ দিন আগে দেশটির পূর্বাঞ্চলে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছিলেন।

মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচ সেনাসদস্য নিহত হন।

মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ফ্রান্সের তৈরি এএস-৫৩২ কুগার সিরিজের। এ ধরনের হেলিকপ্টার সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়।

তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলের বিশাল খোলা প্রান্তরে জরুরি সেবার যানবাহন দেখা গেছে।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি।

এর আগে, গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সেনারা মোতায়েন রয়েছেন।

কুর্দি বিদ্রোহের অবসানের পর তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে দীর্ঘদিনের এ বিদ্রোহের সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র-রয়টার্স, এনডিটিভি

অনলাইন ডেস্ক:

Leave a Reply