
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জল সরকার (২৩) এবং ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সদেব হাওয়ালদারের ছেলে শিখর হাওয়ালদার (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উজ্জল সরকার তাঁর বন্ধু শিখর হাওয়ালদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চৌবাড়িয়া গ্রাম থেকে ধুনট উপজেলা শহরের দিকে আসছিলেন। এ সময় ধুনট শহর থেকে শেরপুরের দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মাঠপাড়া এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক উজ্জল সরকার নিহত হন। গুরুতর আহত শিখর হাওয়ালদারকে স্থানীয় লোকজন অটোরিকশায় করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।








