
এম এ মতিন (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে তিনি ইউনিয়নের মটগাড়ী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন দোকানের স্টলে বসে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার বিষয়েও মতবিনিময় করেন। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
বৈরী আবহাওয়ার মধ্যেও তাঁর এ গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকে। এ সময় তিনি মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং তাঁদের মতামত শোনেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক বলেন, রোদ-বৃষ্টি কিংবা ঝড়—সব পরিস্থিতিতেই তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই তাঁর অঙ্গীকার। জনসেবাকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে ৭নং প্রসাদপুর ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৭নং প্রসাদপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন মোড়, বাজার ও জনসমাগমস্থলে প্রার্থীদের উপস্থিতিতে স্থানীয় নির্বাচনী পরিবেশও ক্রমেই আলোচনায় আসছে।








