
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নিষিদ্ধ পলিথিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ পলিথিন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি গ্রামের কোরবান আলীর ছেলে রফিকুল ইসলামের কাছ থেকে প্রায় ছয় মাস আগে একটি ঘর ভাড়া নেন ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর গ্রামের কালু মিয়ার ছেলে আবুল হোসেন। সেখানে তিনি নিষিদ্ধ পলিথিনের গুদাম গড়ে তোলেন। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন তিনি।
ঘটনার দিন সকালে ছয়জন নারী শ্রমিকসহ গুদামে কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে দাহ্য পলিথিনে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকেরা দ্রুত গুদাম থেকে বেরিয়ে আসেন। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও গুদাম ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন বলেন, “শ্রমিকদের নিয়ে গুদামের ভেতরে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।








