
মৃধা বেলাল।
রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। দীর্ঘ ইতিহাস, আত্মত্যাগ, সাহসিকতা ও পেশাগত দায়িত্ববোধের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই বাহিনী। অথচ রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বারবার বিতর্ক, সমালোচনা, অপমান ও প্রতিহিংসার মুখোমুখি হতে হচ্ছে পুলিশ সদস্যদের। এ বাস্তবতায় প্রশ্ন উঠছে—রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব পালনকারী একটি বাহিনী কেন রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিহিংসার শিকার হবে?
অতীতের বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কোথাও রাজনৈতিক প্রভাব, কোথাও প্রশাসনিক চাপ, আবার কোথাও ব্যক্তিগত ও দলীয় স্বার্থে পুলিশের দায়িত্ব পালনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এসব ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে কোনো নির্দিষ্ট সময়ের বিতর্ক কিংবা কিছু সদস্যের অপেশাদার কর্মকাণ্ডের কারণে পুরো পুলিশ বাহিনীকে অপরাধী হিসেবে বিবেচনা করাও যুক্তিসংগত নয়।
বাস্তবতা হলো, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নিজস্ব বাহিনী নয়। পুলিশ রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণের নিরাপত্তা রক্ষার প্রতিষ্ঠান। সরকার পরিবর্তন হবে, রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হবে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পুলিশের পেশাগত দায়িত্ব ও নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, ক্ষমতা কিংবা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, “বাংলাদেশ পুলিশের রয়েছে দীর্ঘ গৌরবময় ইতিহাস, আত্মত্যাগ ও অসংখ্য অর্জন। রাজনৈতিক স্বার্থে এই বাহিনীকে বারবার বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। যারা জনগণের নিরাপত্তায় কাজ করেন, তাদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান রক্ষাও রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে জনগণের বন্ধু ও আস্থার প্রতীক হিসেবে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে বাহিনীর অভ্যন্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। কোনো সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিন্তু ব্যক্তির অপরাধের দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।”
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, পুলিশ বাহিনীর প্রকৃত সংস্কার মানে শুধু পোশাক, পদবি কিংবা কাঠামোগত পরিবর্তন নয়; বরং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা, মানবাধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জবাবদিহিমূলক ব্যবস্থার প্রতিষ্ঠা। একই সঙ্গে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
জনগণের প্রত্যাশা, বাংলাদেশ পুলিশ হবে আইনের রক্ষক—কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার নয়। অন্যায় করলে পুলিশের সদস্যেরও বিচার হবে, আবার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সদস্য যেন রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানি কিংবা অযৌক্তিক অপমানের শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, শক্তিশালী ও নিরপেক্ষ পুলিশ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন। তাই রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনা সময়ের দাবি। পুলিশ হোক রাষ্ট্রের, দায়িত্ব হোক জনগণের প্রতি, আর জবাবদিহি হোক আইনের কাছে।








