এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

ধুনটে গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা, ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ছাত্রলীগের ৮ কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা ও ফেসবুক পেজে সরকারবিরোধী উসকানিমূলক প্রচারের অভিযোগে ছাত্রলীগের আট কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় সালমান সাইদ ওরফে সামী (একজন) গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ধুনট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহদৎ হোসেন মিলু বাদী হয়ে ধুনট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন।

গ্রেপ্তার সালমান সাইদ সামী বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ধুনট পৌর এলাকার বিভিন্ন দেয়ালে জুলাই বিপ্লবের গ্রাফিতি আঁকা হয়। অভিযোগ, এসব গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার পাশাপাশি ফেসবুক পেজে সরকারবিরোধী উসকানিমূলক প্রচার চালানো হয়।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিষয়টি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তাঁরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার সন্ধ্যায় ধুনট শহর থেকে সালমান সাইদ সামীকে আটক করে পুলিশ।

পরে আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সামীকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলায় গ্রেপ্তার একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply