
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ইরানের হুমকি নির্মূল করার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন তিনি।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন।
এরপর নতুন সরকার গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয় আইজেনকোটকে। তিনি এজন্য ২৮ দিন সময় পাচ্ছেন। তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। এর মধ্যেই গাদি আইজেনকোটের সাথে বৈঠকের পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন যে, তিনি আগের চেয়েও বেশি নিশ্চিত হয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা প্রয়োজন।
তিনি বলেছেন, “এ ধরনের সরকার ইরানের হুমকি চিরতরে শেষ করে দিতে পারে।”
নেতানিয়াহু বলেন, প্রস্তাবিত সেই সরকারে কেবল সেসব দলই অন্তর্ভুক্ত থাকবে, ইসরায়েলকে যারা একটি ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তিনি আরও বলেছেন যে, একটি জাতীয় ঐক্য সরকার ইসরায়েলের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান, যে দেশটি “ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না”।
দায়িত্ব পেয়েছিলেন আইজেনকোট:
নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তাদের কট্টর ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেয়েছে।
অন্যদিকে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তার জোটের অন্য তিনটি ইহুদি বিরোধী দল পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দুটি জোট, ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট, মিলিয়ে পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
আরব ভোটারদের মধ্যে ভোট দেওয়ার হার বেড়ে যাওয়ায় তারা এ সাফল্য পেয়েছে। নির্বাচনের আগে ইহুদি দলগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব দলই আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
গত মাসের নির্বাচনের পর ৬৭ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়া গাদি আইজেনকোটকে গত সপ্তাহে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
তখন থেকেই বিশ্ব রাজনীতিতে এক ধরনের আলোচনা ছিল ইসরায়েলের এ সরকার গঠনের আলোচনা ঠিক কতটা কঠিন হতে পারে।
আইজেনকোটের সাথে সাক্ষাতের পর নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্য সরকারে মধ্যপন্থী থেকে ডানপন্থী পর্যন্ত প্রধান ইহুদি দলগুলোকে অন্তর্ভুক্ত করার এবং আরব দলগুলোকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যদিও এর আগে নির্বাচনের ফলাফল থেকে সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এর মধ্যে ছিল নেতানিয়াহু ও আইজেনকোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী জোট, যেখানে আইজেনকোটের জোট থেকে কয়েকজন সদস্য বেরিয়ে এসে যোগ দেবেন অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠন।
আইজেনকোট এবং তার জোটের একজন ছাড়া বাকি সব সদস্যই আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে এ বিষয়ে সমঝোতা হতে পারে বলে জল্পনা রয়েছে। তিনি অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গেও সমঝোতার চেষ্টা করতে পারেন। তবে সেই পথও সহজ হবে না।
জাতীয় ঐক্যের সরকার আগেও হয়েছে:
গাদি আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছিলেন, “এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন সেই দায়িত্ব পালনের যোগ্য হতে পারি, তা নিশ্চিত করতে আমি সবকিছু করব”।
ইসরায়েলে কোনো রাজনৈতিক দলই কখনো এককভাবে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে এ পর্যন্ত গঠিত সব সরকারই ছিল জোট সরকার।
ইসরায়েলে আগেও জাতীয় ঐক্যের সরকার গঠনের নজির রয়েছে। ২০২০ সালে পরপর তিনটি নির্বাচনে অচলাবস্থার পর নেতানিয়াহু ও তার মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সম্মত হয়েছিলেন। ওই চুক্তি অনুযায়ী, পালাক্রমে দুজনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সময় হারজগ বলেছিলেন, আরেকটি নির্বাচন এড়ানো এবং একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য তিনি আশা করেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো ও তাদের প্রতিনিধিরা বুঝতে পারবেন যে, সব প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করা সম্ভব নয়।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টি ছিল ইসরায়েলের রাজনীতিতে সবচেয়ে বেশি বিভক্ত সময়গুলোর একটি। ওই সময়ে নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বীরা বারবার সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
গত সপ্তাহে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সরকারে গঠনের যে দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী নেতাকে সেই সিদ্ধান্তের কথা আইজেনকোট ও নেতানিয়াহু – দুজনকেই জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নবনির্বাচিত নেসেট সদস্যদের প্রতিনিধিদলগুলোর সঙ্গে আলোচনার পর আইজেনকট প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ৬৭টি সুপারিশ পেয়েছিলেন।
অন্যদিকে, নেতানিয়াহু পেয়েছিলেন ৪৬টি। সেই সময় থেকেই জোট সরকার গঠনের একটি সম্ভাবনা দেখা যাচ্ছিল।
সূত্র: বিবিসি








