
ধুনট (বগুড়া) প্রতিনিধি: রেহানুল হক রিকো
বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং বসতভিটার জায়গা ও চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘর নির্মাণ করে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে রফিকুল ইসলামের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম প্রতিপক্ষ আশাদুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে আশাদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত কছের আলী মণ্ডলের ছেলে রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আশাদুল ইসলাম ও তাঁর লোকজন রফিকুল ইসলামের বসতভিটার জায়গায় বাঁশের বেড়া দিয়ে ঘর নির্মাণ করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় রফিকুল ইসলাম তাঁর জায়গায় বেড়া দেওয়া ও ঘর নির্মাণের কারণ জানতে চাইলে আশাদুল ইসলাম ও তাঁর লোকজন তাঁকে গালিগালাজ করেন। রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। তাঁর চিৎকার শুনে ছোট ভাই মেহেদী হাসান শাহিন ও বড় বোন হাসনা খাতুন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রতিপক্ষের লোকজন সেখানে বাঁশের বেড়া ও ঘর নির্মাণ করেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।
রফিকুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি। বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষ বাড়ির জায়গা ও জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। এ নিয়ে গ্রামে ও থানায় একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। কিন্তু তারা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। মৌখিকভাবে জমির দাবি তুলে তারা আমাদের সঙ্গে বিরোধ করছে।”
তবে অভিযোগ অস্বীকার করে আশাদুল ইসলাম বলেন, “আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করেছি এবং বেড়া দিয়েছি। কারও জায়গা জোর করে দখল করিনি। রফিকুল ইসলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।”
এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম আনোয়ার বলেন, “এ নিয়ে একাধিকবার গ্রামে ও থানায় সালিশ-বৈঠক হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। তবে দীর্ঘদিন ধরে দেখে আসছি, রফিকুল ইসলাম ওই জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।”
ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন বলেন, “অন্য একটি ঘটনায় করা আগের অভিযোগ তদন্ত করতে গিয়ে বাঁশের বেড়া ও ঘর নির্মাণের বিষয়টি দেখেছি। তবে এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”








