
মৃধা বেলাল
কী ব্যাপার! যারা একসময় পুলিশের বিরোধিতা করেছেন, তারাই কি এখন পুলিশ হওয়ার জন্য মাঠে নামছেন? পুলিশের ওপর নির্যাতন, জুলুম, ব্রিজে ঝুলিয়ে রাখা, এমনকি নির্বিচারে হত্যার মতো নৃশংসতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। অপরাধের প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই অপরাধের পথ বেছে নেব—এ কেমন ন্যায়বিচার?
আমার অবস্থান পরিষ্কার। আমি নিজেও পুলিশের দ্বারা হয়রানি ও জুলুমের শিকার হয়েছি। আবার হাজারো পুলিশ সদস্যের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাও পেয়েছি। তাই বলে পুরো পুলিশ বিভাগকে খারাপ বলার কোনো যৌক্তিকতা দেখি না। লাখ লাখ সদস্যের একটি বাহিনীতে দু-চারজন অসৎ, দুর্নীতিবাজ কিংবা অপরাধপ্রবণ সদস্য থাকতে পারেন। তাঁদের অপরাধের দায় পুরো বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই সুবিচার নয়।
মনে রাখতে হবে, পুলিশও এই সমাজেরই অংশ। তাদেরও রক্ত-মাংসের শরীর আছে, পরিবার-পরিজন আছে, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। পুলিশ জনগণের সেবক—তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কিন্তু সেই জবাবদিহির নামে নির্যাতন, প্রতিশোধ কিংবা বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
আসুন, প্রতিহিংসার রাজনীতি ও প্রতিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। কোনো পুলিশ সদস্য ক্ষমতার অপব্যবহার করলে, জনগণের ওপর জুলুম চালালে কিংবা অন্যায়-অনিয়মে জড়িত হলে তিনি অবশ্যই অপরাধী। তাঁর বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে এবং প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে?
একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই—পুলিশের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে কথা বলার অর্থ কোনো অপরাধীর সাফাই গাওয়া নয়। বরং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো।
আমি অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এবং বিচারবহির্ভূত নির্যাতনের বিরুদ্ধে। অপরাধী পুলিশ হোক কিংবা সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা হোক কিংবা প্রভাবশালী ব্যক্তি—কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীর পরিচয় নয়, অপরাধই হোক বিচারের একমাত্র মাপকাঠি।
আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে পুলিশ জনগণকে ভয় দেখাবে না, জনগণও পুলিশকে নির্যাতন করবে না। যেখানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে নিরাপদ থাকবেন, আর সাধারণ মানুষও পাবেন নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার।
মনে রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটি অন্যায় প্রতিষ্ঠা করা কখনো ন্যায়বিচার হতে পারে না।
আইনের শাসন প্রতিষ্ঠা হোক, প্রতিহিংসার অবসান হোক। পুলিশ হোক জনগণের আস্থার প্রতীক, আর জনগণ হোক পুলিশের শক্তি।








