এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের পক্ষে’ ফেসবুক পোস্ট দিয়ে কর্মকর্তা আটক, উত্তপ্ত ক্যাম্পাস।

খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) এক কর্মচারীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্বৈরাচারের পক্ষে’ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) হস্তক্ষেপে অভিযুক্ত ওই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘দেবা বোস’ (Deba Bose) নামক একটি ফেসবুক আইডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটিতে শেখ হাসিনার একটি উদ্ধৃতি— “গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো”— যুক্ত করে তার রাজনৈতিক জীবনের প্রশংসা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা ছিল। পোস্টটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রক্ত দিয়েছে। এই সময়ে এসেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী কীভাবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পক্ষে পোস্ট দেওয়ার সাহস পায়? খুকৃবির মাটিতে কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসরদের ঠাঁই হবে না।”

বিক্ষোভকারীরা উপাচার্যের কাছে দাবি জানান, ক্যাম্পাসে অবস্থানরত আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে অথবা ছাত্র-জনতার হাতে তুলে দিতে হবে। তারা আরও হুঁশিয়ারি দেন যে, চব্বিশের আন্দোলনে শহীদদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না এবং ক্যাম্পাসে কোনো ধরনের অপপ্রচার মেনে নেওয়া হবে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত ওই কর্মচারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) হাতে সোপর্দ করা হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও প্রশাসনের পদক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply