এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

ক্যাম্পাসের স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান খুকৃবি উপাচার্যের

খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) সহিংসতা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সম্মিলিত আন্দোলনের শক্তির প্রমাণ। ভবিষ্যতেও যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন নিয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলো ভিত্তিহীন। দেশের মাটিতে এমন শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে খুকৃবি সাদা দলের সভাপতি ড. মো. হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে।
সাদা দলের সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেন তাঁর বক্তব্যে বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিচালিত অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। তিনি সরকারের ধৈর্যশীল ভূমিকার প্রশংসা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply