
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনটে বিস্ফোরক উপাদান ও দণ্ডবিধির মামলায় এজাহারনামীয় ছাত্রলীগ সমর্থক মো. খাইরুজ্জামান খোকনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট বাজারের চায়না হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাইরুজ্জামান খোকন ধুনট উপজেলার মাটিকোড়া পূর্বপাড়া গ্রামের মো. হাফিজুল ইসলাম ও মোছা. খোদেজা বেগমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট থানায় দায়ের করা একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। মামলায় বেআইনি সমাবেশ, জননিরাপত্তা বিঘ্নিত করা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি এবং বিস্ফোরক-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ধুনট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








