
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকালে ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সড়ক অবরোধ করেন। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।








