এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে এবং অনলাইন প্ল্যাটফর্ম ‘লাইভ এমসিকিউ’ এর সহযোগিতায় সরকারি চাকরি ও বিসিএস প্রস্তুতিমূলক এক গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ​সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘গ্রাউন্ড জিরো থেকে বিসিএস প্রস্তুতির এ-টু-জেড’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে লাইভ এমসিকিউ-এর স্টল ও বুথ বসানো হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ আলোচক হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন ৪৬তম বিসিএস ক্যাডার তাশফিকাল সামি এবং ৪০তম বিসিএস (সাধারণ শিক্ষা – ইতিহাস) ক্যাডার ও প্রভাষক ফাইরুজ আনিকা তালুকদার।

​সেমিনারে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ন ইসলাম বলেন, “এ ধরনের সেমিনার আমাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। বিসিএসের প্রস্তুতি কীভাবে শুরু করতে হবে এবং কোন বিষয়ে কীভাবে পড়াশোনা করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদকের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ।”

​পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকসেদুল ইসলাম সিরাজ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে বিসিএসের প্রস্তুতি শুরু করার জন্য এ ধরনের কর্মশালা বেশ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞদের কাছ থেকে প্রস্তুতির কৌশল ও সময় ব্যবস্থাপনার দিকনির্দেশনা পাওয়াটা আমাদের জন্য ইতিবাচক। এর মাধ্যমে অনেক শিক্ষার্থী বিসিএস প্রস্তুতি শুরু করতে উৎসাহিত হবে।”

আয়োজন সম্পর্কে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ রিয়াসাল রাকিব বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির আগ্রহ তৈরি এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। অনেক শিক্ষার্থী বিসিএসের প্রস্তুতি নিতে চান, কিন্তু সঠিক গাইডলাইন ও প্রস্তুতির কৌশল সম্পর্কে জানেন না। লাইভ এমসিকিউ-এর সহযোগিতায় এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ধারণা পেয়েছেন বলে আশা করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বিসিএস পরীক্ষার প্রাথমিক ধারণা, প্রশ্নের ধরন, বিষয়ভিত্তিক পড়াশোনার কৌশল এবং সময় ব্যবস্থাপনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply