
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুখফিজুর রহমান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন মিলু, উপজেলা যুবদল নেতা মিঠু, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহসভাপতি মাসুদ রানাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকারের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এ উদ্যোগ সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষা, মসুর ও চিনাবাদামের বীজ এবং সার তুলে দেওয়া হয়।








