
বাকৃবি প্রতিনিধি
হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক গবেষণার স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। ‘গবেষণা’ ক্যাটাগরিতে তিনি রৌপ্যপদক অর্জন করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।
নিজের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) অর্থাৎ জীবাণুর ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠা, প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা ও মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদন তাঁদের ভবিষ্যৎ লক্ষ্যগুলোর অন্যতম।
তিনি বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণীর ওপর বিভিন্ন ওষুধ ব্যবহারের প্রয়োজনীয়তা ও শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়বে।
প্রাণীর মৃত্যুহার কমানো এবং প্রাণিসম্পদ খাতকে খামারিদের জন্য আরও লাভজনক করে তোলাও তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান আরও বলেন, তরুণ শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের প্রাণিসম্পদবিষয়ক গবেষণায় সম্পৃক্ত করা এবং এ খাতে কাজের সুযোগ সৃষ্টি করা গেলে বাংলাদেশকে রপ্তানিমুখী প্রাণিসম্পদ অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব হবে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved