— মৃধা বেলাল
আমি চাই স্বৈরাচার ফিরে আসুক! হ্যাঁ, ফিরে আসুক। তবে তার আগে ফিরিয়ে দিতে হবে পাখির মতো ঝরে যাওয়া প্রতিটি মানুষের প্রাণ। ফিরিয়ে দিতে হবে হেফাজতে ইসলামের নিহত মানুষগুলোকে, পিলখানার শহীদদের এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষসহ সব অগণিত প্রাণকে। ফিরিয়ে দিতে পারলে ফুলের মালা দিয়ে বরণ করতে আমাদের আপত্তি নেই!
ফিরে এসে জবাব দিতে হবে—কেন পুলিশকে রাষ্ট্রের জনগণের বাহিনী না বানিয়ে ব্যক্তিগত ক্ষমতার হাতিয়ারে পরিণত করা হয়েছিল? কেন পুলিশের পেশাগত অধিকার ও নিরপেক্ষতা ক্ষুণ্ন করে জনগণের আস্থার জায়গাটি নষ্ট করা হয়েছিল?
জবাব দিতে হবে সত্যসন্ধানী সাংবাদিকদের গুম, খুন, নির্যাতন, জিম্মি, ব্ল্যাকমেইল ও হয়রানির। কেন সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল? কেন সত্য অনুসন্ধানের পথে বাধা সৃষ্টি করা হয়েছিল? কেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের রোষানলে পড়তে হয়েছিল?
আমি নিজেও একজন সাংবাদিক। স্বৈরাচারী শাসনামলে এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ড, অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেছি, জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করতে গিয়ে ছাত্রলীগের অল্পবয়সী কর্মীর চোখ রাঙানি থেকে শুরু করে বাধা, জিম্মি ও পুলিশি হয়রানির মুখোমুখি হয়েছি।
তাই আমার প্রশ্ন—এসব অন্যায়ের জবাব কে দেবে?
আমার দাবি খুব স্পষ্ট:
- রাষ্ট্রীয় সহিংসতায় নিহত প্রতিটি মানুষের প্রকৃত ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
- গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে।
- সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিটি ঘটনার বিচার করতে হবে।
- পুলিশকে দলীয় বা ব্যক্তিগত প্রভাবমুক্ত করে জনগণের প্রকৃত সেবক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
- রাষ্ট্রের লুণ্ঠিত সম্পদ উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
আমি শেখ মুজিবুর রহমানকে অসম্মান করি না। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—দুজনেরই ঐতিহাসিক অবদান রয়েছে। তাঁদের অবদান নিয়ে আমার কোনো বিরূপ মন্তব্য নেই।
আমার কোনো রাজনৈতিক দল নেই, কোনো দলের অন্ধ সমর্থকও নই। আমার অবস্থান অন্যায়, দুর্নীতি, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে।
আমি ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমি স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে।
স্বৈরাচার ফিরে আসুক—এটি কোনো আবেগের কথা নয়, এটি একটি ব্যঙ্গাত্মক প্রতিবাদ, একটি কঠিন প্রশ্ন।
ফিরে এসে জবাব দিক, রাষ্ট্রের সম্পদ ফিরিয়ে দিক, প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করুক, আর ফিরিয়ে দিক সেই মায়েদের বুকের ধন, সন্তানহারা বাবার সন্তান, স্বামীহারা স্ত্রীর স্বামী।
কিন্তু ইতিহাসের নির্মম সত্য হলো—মৃত মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। তাই ক্ষমা চাইলেও সব ক্ষত মুছে যাবে না, ক্ষতিপূরণ দিলেও হারানো মানুষ ফিরে আসবে না।
আমার পরিচয় একটাই—আমি একজন সত্যসন্ধানী সাংবাদিক, আমি স্বৈরাচারবিরোধী।*
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved