
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মাইনুল ইসলামের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রদত্ত সনদ জাল প্রমাণিত হয়েছে। ভুয়া নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘ প্রায় ১২ বছর এমপিওভুক্ত অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলনের দায়ে গৃহীত অর্থ ফেরত নেওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
দাপ্তরিক নথিপত্র ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইনুল ইসলাম ২০১০ সালের ২৭ অক্টোবর নন্দীপুর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করেন। যোগদানের পর ২০১১ সালের জানুয়ারি মাসে ১১তম এমপিও কোটায় তার বেতন-ভাতা চালু হয়। প্রায় এক যুগ প্রতিষ্ঠানে কর্মরত থাকার পর ২০২২ সালের ২৫ আগস্ট তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং পরবর্তী সময়ে তার এমপিও সুবিধা বাতিল (কর্তন) করা হয়।
পদত্যাগের পরও তার নিয়োগ ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৮ ডিসেম্বর একই এলাকার বাসিন্দা মো. রফিক মিয়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে দীর্ঘদিন চাকরি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে মাউশিতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদন ও সুপারিশের আলোকে মাইনুল ইসলামের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়।
এনটিআরসিএ গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সনদটি যাচাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালের ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার (রোল নম্বর: ১০৭১৯৭৪৯, রেজি. নম্বর: ৮০০১৫২৭৯৪/২০০৮) সংরক্ষিত ফলাফলের তালিকার সঙ্গে মাইনুল ইসলামের দাখিলকৃত সনদের কোনো মিল পাওয়া যায়নি। সনদটি সঠিক নয়; বরং তা জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে এনটিআরসিএ নিশ্চিত করে।
এনটিআরসিএ-এর এই যাচাই প্রতিবেদনের সূত্র ধরে গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে মাউশি থেকে সংশ্লিষ্ট দপ্তরে একটি নির্দেশনামূলক পত্র জারি করা হয়। ওই পত্রে জাল ও ভুয়া সনদ ব্যবহার করে চাকরি করার ফলে মাইনুল ইসলামের গৃহীত বেতন-ভাতার সরকারি অংশ নির্ধারিত হিসাবখাতের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অধিদপ্তরকে অবহিত করার জন্য নন্দীপুর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved