
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মো. উকিল উদ্দিন সরকার (৭২) নামে এক বৃদ্ধকে মারধর, গলা চেপে হত্যাচেষ্টা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ধুনট উপজেলার নলডাঙ্গা বাজারে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উকিল উদ্দিন সরকার ধুনট সদর ইউনিয়নের পাকুড়িহাটা (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে হামিদ মণ্ডল (৫০), জুয়েল মণ্ডল (২৮) ও সেলিম মণ্ডল (২৫) তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে তাঁকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তাঁর শার্টের পকেটে থাকা ৩৫ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। তাঁর চিৎকার শুনে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে আফসার আলী (৬০), আরিফুল ইসলাম (৩৫)সহ আরও কয়েকজন ঘটনাস্থলে এসে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন।
ভুক্তভোগী জানান, ঘটনার পর স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি আইনগত প্রতিকার চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved