
রিপোর্ট - মৃধা বেলাল।
যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার (২১ নভেম্বর) সারা দেশে উদ্যাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসের কর্মসূচি শুরু হবে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি-অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিবর্গ এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সাধারণ মানুষের জন্য বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ২১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নিকটবর্তী ঘাটে নোঙর করে রাখা হবে। এ সময় সর্বসাধারণ জাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে ২০ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে ‘বিশেষ অনির্বাণ’ সম্প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved