
মৃধা বেলাল
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপির নির্দেশনা অনুযায়ী, নাশকতা প্রতিরোধে সারা দেশে পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামরুন মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন আইজিপি।
বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সব কার্যক্রম পরিচালিত হবে আইন, পেশাদারত্ব ও নিরপেক্ষতার ভিত্তিতে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved