
গোবিপ্রবি প্রতিনিধি (ফজলে রোহান):
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের সাবেক নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সংবলিত ব্যানার টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন।
পরে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামফলকের স্থানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।
ঘটনার সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টাঙিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। আমরা শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্টদের ভিসির সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে একাধিকবার বিজিবি মোতায়েনের জন্য জানিয়েছি। বর্তমান গোপালগঞ্জের প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় আমরা চেষ্টা করেছি, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি না হয়। সে ক্ষেত্রে আমরা সফল হয়েছি।’
প্রক্টর আরও জানান, ‘বিষয়টি একটি জাতীয় ইস্যু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।’
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved