
নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে জ্ঞানচর্চা, আড্ডা ও পারস্পরিক মেলবন্ধনের এক অভিনব উদ্যোগ হিসেবে চালু হলো ‘এলিনর’স কমন্স’ কর্নার।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জাহাঙ্গীর সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোকাম্মেল করিম তৌফিক। এছাড়াও ঐ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষা ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী এলিনর অস্ট্রমের সামষ্টিক সম্পদ ব্যবস্থাপনার ভাবনার সাথে মিল রেখে নামকরণ করা এই কর্নারটি সম্পূর্ণ শিক্ষার্থীকেন্দ্রিক। এখানে শিক্ষক-শিক্ষার্থীরা কফি, মিল্ক টি ও লেমন টি-সহ বিভিন্ন পানীয় উপভোগ করার সুযোগ পাবেন এবং কর্নারটি সম্পূর্ণ শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় ও অংশগ্রহণে পরিচালিত হবে। উদ্বোধনের দিন উপস্থিত সব শিক্ষার্থীকে বিনামূল্যে কফি আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আফরিদা জিন্নুরাইন ঊর্বী।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যতিক্রমী পর্ব হিসেবে ছিল প্রথম তিন কাপ পানীয় নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা, যা উপস্থিত সবার মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। নিলামে প্রথম মিল্ক টি ১২০০ টাকায় ক্রয় করেন ২০তম আবর্তনের শিক্ষার্থী ইসরাত জাহান অহনা, লেমন টি ৩৫০ টাকায় কিনেছেন ২১তম আবর্তনের শিক্ষার্থী ইমরুল হাসনাত হিমেল এবং কফি ৫২০ টাকায় কিনেছেন অধ্যাপক জাহিদ হোসেন, যিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আফরিদা জিন্নুরাইন ঊর্বীর পিতা। নিলামের এই রোমাঞ্চকর পর্বের পরই সবার জন্য বিক্রির উন্মুক্ত ব্যবস্থা করা হয়।
এই উদ্যোগে একটি সুন্দর যৌথ অংশীদারত্বের মডেল অনুসরণ করা হচ্ছে। কফি মেশিনটি উদারভাবে ডোনেট করেছে ‘মাহবুব কামরুন ট্রাস্ট’ যাঁরা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আফরিদা জিন্নুরাইন ঊর্বীর দাদা-দাদী এবং নিঃসন্তান এই দম্পতির কষ্টার্জিত উপার্জনের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে ২০১০ সাল থেকে সততার সাথে কাজ করে যাচ্ছেন অধ্যাপক জাহিদ হোসেন। এই মেশিনের মাধ্যমে ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় স্থায়ী ব্যয় ট্রাস্ট বহন করছে, পরিবর্তনশীল ব্যয় বহন করছে অর্থনীতি বিভাগের নিজস্ব তহবিল এবং দৈনন্দিন পরিচালনার দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের হাতে। পাশাপাশি, এই উদ্যোগ থেকে অর্জিত মুনাফা বিভাগ ও শিক্ষার্থীদের মধ্যে যৌথভাবে বণ্টিত হবে। অর্থনীতির শিক্ষার্থীদের জন্য এটি কেবল একটি কফি কর্নার নয় বরং শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞান যেমন ব্যবসা, বিনিয়োগ, ব্যয়, আয়, মুনাফা, চাহিদা ও সরবরাহ বাস্তব জীবনে প্রয়োগ করার এক চমৎকার হাতেখড়ি।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে প্রশাসনের আন্তরিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের নানা সমস্যা শুনে একে একে সমাধানের চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অর্থনীতি বিভাগের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সহযোগিতায় ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্থান সংকটের কষ্ট লাঘব হবে। এছাড়া শিক্ষার্থীদের গবেষণার মান বাড়াতে বর্তমান অর্থবছরে ৫ লক্ষ টাকার ল্যাব সরঞ্জাম বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, চাহিদার ভিত্তিতে আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে এবং প্রশাসন ও শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের নিয়ে একটি ‘প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ’ গড়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। পরিশেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং অর্থনীতি বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম অর্থনীতি বিভাগের সৃজনশীল ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। কর্নারটি তৈরিতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অর্থনীতি বিভাগ সবসময়ই বড় ও উদ্ভাবনী কাজ করে থাকে এবং তাদের বিভিন্ন পক্ষের নতুন দিক উন্মোচন করার প্রবণতা রয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, তিনি খুব কম কথা বলেন, কিন্তু কাজ করে দেখান। আজকের এই আয়োজন অত্যন্ত আনন্দদায়ক ও চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্যই অত্যন্ত মঙ্গলজনক হবে। পরিশেষে তিনি অর্থনীতি বিভাগকে ধন্যবাদ জানান এবং বিভাগের সাথে সংশ্লিষ্ট সবাই যেন সুস্থ ও ভালো থাকেন, সেই শুভকামনা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্নারটির উদ্বোধন অনুষ্ঠান এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের প্রত্যাশা, ‘এলিনর’স কমন্স’ কেবল একটি কফি কর্নার হয়ে না থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বসার, ভাবনা বিনিময়ের এবং সুন্দর সময় কাটানোর একটি মিলনস্থল হয়ে উঠবে। প্রায় তিন মাসের প্রস্তুতি ও পরিশ্রমে গড়া এই উদ্যোগটি সফল ও টেকসই শিক্ষামূলক ব্যবসায়িক মডেলে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved