
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ার ধুনটে রাত্রীকালীন মহড়া, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করেছে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় এ মহড়া পরিচালনা করে। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। পাশাপাশি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো অপরাধপ্রবণতা রোধ, অপরাধীদের শনাক্ত করা, মাদক ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করা। বিশেষ করে রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়িয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ধুনট থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, মহড়া ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved