
এম এ মতিন(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি জনবহুল জনপদ। বিশাল এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রয়েছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা থাকলেও হাসপাতালটিতে নেই কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে প্রসবকালীন জটিলতায় পড়া গর্ভবতী নারী ও তাঁদের স্বজনদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে আর্থিক সংকটের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসব সম্ভব না হলে কিংবা সিজারিয়ান অপারেশনের প্রয়োজন দেখা দিলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।
ভুক্তভোগী রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, দরিদ্র পরিবারের পক্ষে জরুরি মুহূর্তে রাজশাহী গিয়ে সিজারিয়ান অপারেশন করানো এবং যাতায়াতসহ চিকিৎসার অতিরিক্ত ব্যয় বহন করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে।
চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এত বড় হাসপাতাল, অথচ এখানে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সিজারের কোনো ব্যবস্থা নেই। রোগী নিয়ে আসলে বলে রাজশাহী নিয়ে যান। আমরা গরিব মানুষ, রাজশাহী নিয়ে যাওয়ার মতো টাকা কোথায় পাব? দিন আনি দিন খাই। এত খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব।'
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা সম্পন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তুলনামূলক বেশি খরচে সিজারিয়ান অপারেশন করাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে চিকিৎসার মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে। এতে মা ও নবজাতকের নিরাপত্তা ও ঝুঁকি তৈরি হচ্ছে।
এ অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত একজন দক্ষ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল নিশ্চিত করে সিজারিয়ান অপারেশন চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, সরকারি হাসপাতালে এ সেবা চালু হলে উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ ও দরিদ্র মানুষ স্বল্প খরচে নিরাপদ প্রসূতিসেবা পাবেন।
এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলম বলেন, 'আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাঁরা অতি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।'
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন বলেন, 'বিষয়টি আমি জানি। এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।'
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, 'দ্রুত সময়ের মধ্যে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গাইনি সার্জন পদায়নের জন্য চেষ্টা করছি।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved