
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিমালিকানাধীন জমির কলাবাগান কেটে ফেলে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণের চেষ্টা এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমি ও পরিবারের নিরাপত্তা চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আইয়ুব আলী (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আইয়ুব আলী ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে কলাবাগান গড়ে তুলে ভোগদখল করে আসছেন। ধুনট থানার লক্ষ্মীপুর মৌজার জে.এল. নম্বর ৩৫, খতিয়ান নম্বর ৯০৩-এর ৫৬৩১ ও ৫৬৩৮ দাগে তাঁর মোট ১৩ শতক জমি রয়েছে।
লিখিত অভিযোগে আইয়ুব আলী উল্লেখ করেন, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে একই এলাকার মোসাব্বের হোসেন বেঙ্গু (৫০) ও মুকুল হোসেন (৪৮) তাঁর অনুপস্থিতিতে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা জমিতে থাকা কলাগাছ কেটে ফেলে টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি দেখতে পেয়ে আইয়ুব আলীর স্ত্রী ডলি খাতুন (৩০) মোবাইল ফোনে স্বামীকে খবর দেন। পরে আইয়ুব আলী ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দিলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মর্জিনা খাতুন (৪৫) ও সেলিম হোসেন (৫০) প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, তাঁর ক্রয়সূত্রে মালিকানাধীন ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমির কলাগাছ কেটে ফেলায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ অবস্থায় জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী আইয়ুব আলী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved