
নাঈমা সুলতানা ইভা (নোবিপ্রবি প্রতিনিধি)
সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদী র্যালি বের করেন শিক্ষকরা। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা সারাদেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় তাঁরা সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, “গত ১২ ফেব্রুয়ারি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে। তবে গত ছয় মাসের বেশি সময়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমবেত হয়েছেন।”
তিনি আরও বলেন, “যারা ফ্যাসিবাদকে ধারণ করে এবং ভবিষ্যতে করবে, বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না। তারা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতে হবে।” পাশাপাশি সহিংসতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার নামে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে, যা সাধারণ শিক্ষক হিসেবে আমরা মেনে নিতে পারি না। সরকারের কোনো ভুল থাকলে জনগণ পরবর্তী নির্বাচনে তাদের ম্যান্ডেটের মাধ্যমে তার জবাব দেবে। যারা সন্ত্রাসী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, আমরা তাদের স্পষ্ট বার্তা দিতে চাই—মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং দেশ গঠনে সবাই ভূমিকা রাখবে। তবে এ জন্য ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়ার প্রয়োজন নেই। নিজেদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণ চাইলে তাদেরই ক্ষমতায় নিয়ে আসবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধী যে দল বা মতেরই হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে।”
নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved