
নাঈমা সুলতানা ইভা নোবিপ্রবি প্রতিনিধি:
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের পর্দা নামে। নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই সম্মেলন শুরু হয়েছিল।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’।
সমাপনী দিনে অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, "আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমাধান করতে জাতিসংঘের বছরের পর বছর লাগলেও শিক্ষার্থীরা তিন দিনেই তা করে দেখাচ্ছে। তরুণদের এই স্মার্ট ও প্রজ্ঞাবান উদ্যোগ আগামী দিনে দেশের জন্য দক্ষ নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখবে।" এ সময় তিনি তরুণদের কথা শোনার মানসিকতা বাড়ানোর ওপর জোর দেন।
নোবিপ্রবি ছায়া জাতিসংঘের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান বলেন, "উপকূলীয় অঞ্চলে এ ধরনের একটি সফল আন্তর্জাতিক মানের আয়োজন সম্পন্ন করা অত্যন্ত গৌরবের। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডেলিগেটদের অংশগ্রহণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সম্মেলন সার্থক হয়েছে।"
সমাপনী বক্তব্যে নোবিপ্রবি ছায়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার মাওলানা জালালুদ্দিন রুমির উক্তি স্মরণ করে বলেন, "গতকাল আমি পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আজ আমি নিজেকে বদলাচ্ছি।" তিনি এই আয়োজনকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে সফলভাবে সম্মেলন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, এক্সিকিউটিভ বোর্ড, স্পন্সর প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ডেলিগেটদের মাঝে ক্রেস্ট, পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন—এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্মেলনের মোট সাতটি কমিটি ও ফোরামে অংশগ্রহণকারীরা সমসাময়িক বিশ্বরাজনীতি ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে বিতর্কে অংশ নেন।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved