
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজির হয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে হঠাৎ এই সফর এবং দুই গোয়েন্দাপ্রধানের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।
রবিবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে আলোচনার উদ্দেশে ওয়াশিংটনে অবস্থান করেন গোফম্যান। এ সময় তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।
তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি দুই দেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা তৎপরতা বাড়ার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর চেষ্টা করছেন।
এমন পরিস্থিতিতে মোসাদপ্রধানের আকস্মিক ওয়াশিংটন সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি, গোয়েন্দা তথ্য বিনিময় কিংবা ভবিষ্যৎ কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি।
সূত্র: সিবিএস নিউজ
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved