
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলার পরও ইরানের অস্ত্রভান্ডারে দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে। এসব হামলায় দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং অস্ত্র উৎপাদনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র এখনও তাদের অস্ত্রভান্ডারে রয়েছে বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দা কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ইরানের হাতে এখনও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তবে এসব ক্ষেপণাস্ত্রের ধরন, পাল্লা, কার্যক্ষমতা এবং কতগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী- সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এমন সময় ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন প্রকাশিত হলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
সম্প্রতি বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অবশ্য এই হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে সতর্কতা জানিয়েছেন। তাদের মতে, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো ভূগর্ভস্থ স্থাপনা বা গুদামে সংরক্ষিত রয়েছে, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন। এ কারণে ক্ষেপণাস্ত্রের সংখ্যা-সংক্রান্ত গোয়েন্দা মূল্যায়নটির বিশ্বাসযোগ্যতার মাত্রা কম বলে উল্লেখ করেছেন তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ইরান নতুন করে অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের আগের তুলনায় এই পুনর্গঠনের গতি ধীর। দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।
প্রতিবেদনে উদ্ধৃত ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের হিসাবেও ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিনের মতে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া হিসাবের সর্বনিম্ন সংখ্যাটিও সঠিক হলে যুদ্ধের আগের ক্ষেপণাস্ত্রভান্ডারের অর্ধেকের বেশি পুনরুদ্ধার করেছে ইরান।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের বিষয়টি ওয়াশিংটনের নীতিনির্ধারণী আলোচনাতেও গুরুত্ব পাচ্ছে। নতুন করে ইরানে সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়টি প্রভাব ফেলছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
আপাতত নতুন সামরিক অভিযানের পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বজায় রাখছে ওয়াশিংটন।
অন্যদিকে, ইসরায়েল নতুন করে সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়েছে। উপসাগরীয় দেশগুলো অবশ্য পাল্টা ইরানি হামলার আশঙ্কায় নতুন করে সংঘাত শুরু না করার পক্ষে সতর্ক অবস্থান নিয়েছে। সূত্র: আল-জাজিরা, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved