
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইশার আজানের সময় গান বন্ধ করতে বলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে ফোন নেওয়ার বিষয়টি ভুল স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত ব্যক্তি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ছাত্রশক্তি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া মোহাম্মদ নূরুদ্দীন অপু। অনুষ্ঠানের বিকেলের পর্বে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। এ সময় সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। ইশার আজান শুরু হলেও গান বন্ধ করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অনুষ্ঠানস্থলের কাছাকাছি হওয়ায় মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় আজানের সময় গান বন্ধ রাখার অনুরোধ জানান ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হন বলে দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে মহসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। মহসিন বলেন, ‘ফোন কেড়ে নেওয়া আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম, তিনি ছাত্রশক্তির কেউ। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘ইশার আজানের সময়ও তাঁরা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। আমরা শুধু বলেছি, ভাই, আজানের সময় গান বন্ধ রাখতে হয়। এটা তো সাধারণ একটা বিষয়। কিন্তু এরপর তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা তাঁদের বুঝিয়ে অনুরোধ করার পরও তাঁরা আমাদের ওপর তেড়ে আসেন এবং হামলা চালান। এতে আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন।’
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় শাখা ছাত্রশক্তি। সংগঠনটির নেতাকর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তাঁরা হামলার প্রতিবাদ জানাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘দুপুরের দিকে আমরা অনুষ্ঠানে সবাই ছিলাম। তবে বিকেলের দিকে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরাও অনুষ্ঠান শেষ করেছেন। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।’
তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন বিশ্বাস। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নামাজের সময় সাউন্ড বক্স বন্ধ ছিল। নামাজের পর ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী এসে ঝামেলা শুরু করেন। এ সময় ফেরদৌসসহ কয়েকজন তাঁদের বাবার বয়সী সিনিয়রদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে হাতাহাতি হয়। তিনি আরও বলেন, ‘আমরাও রাজনীতি করেছি, কিন্তু সিনিয়রদের সঙ্গে কখনো এ ধরনের মিসবিহেভ বা বেয়াদবি করিনি।’
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved