
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়ার সাবেক উপজেলা প্রতিনিধি এনামুল বারী বাদশার দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণসভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দুপুরে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি চরপাড়া মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মরহুমের বাসভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা পেশায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সৎ সাহস নিয়ে পথ চলা উচিত। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাঝেই মূলত একজন সাংবাদিকের প্রকৃত আত্মমর্যাদা ও পেশাগত গৌরব প্রকাশ পায়।”
সভাপতির বক্তব্যে রফিকুল আলম বলেন, “বাদশা ভাই ছিলেন আমাদের গুরু। তাঁর কাছ থেকেই সাংবাদিকতার হাতেখড়ি হয়েছে। দুই-তিন যুগ আগে সাংবাদিকতায় বর্তমান সময়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। তখন হাতে লিখে সংবাদ তৈরি করতে হতো। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন।”
মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান স্মরণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মান্নান এবং রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি দীপক কুমার কর।
এ ছাড়া বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংবাদিক আইয়ুব লোহানী, গোবিন্দ রায়, আব্দুল মান্নান পাখি, মামুনুর রশিদ এবং মরহুমের ছেলে রেহানুল হক রিকো।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved