
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, পায়রা অবমুক্তকরণ, কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যখন পৃথিবীতে সভ্যতার বিকাশ ঘটে, তখন থেকেই দর্শনের যাত্রা শুরু। আবার আমাদের পড়াশোনার সর্বশেষ ডিগ্রিও ডক্টর অব ফিলোসফি। সুতরাং জ্ঞানের শুরু ও শেষ দুইটিই দর্শন দিয়ে। এ থেকেই দর্শনের গুরুত্ব অনুধাবন করা যায়। দর্শন বিষয়ে গুণী ব্যক্তিদের এমন আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও উপাচার্য ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারিয়ে ফেলতে বসে, তখন জাতিসংঘ একটি দিবস ঘোষণা করে গুরুত্ব ফিরিয়ে আনার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে, দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আজ বিশ্বে গুরুত্ব কমে যাচ্ছে বিধায় ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম।
সভায় ‘প্রাতিষ্ঠানিক অন্যায্যতা ও আমাদের মানসিক সংকট: সমাজে দর্শনচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা।
আলোচনা সভার একপর্যায়ে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উপলক্ষ্যে শায়লা ইসলাম নীপা সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা-২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে নতুন কলা ভবনের সামনে অতিথিরা পায়রা অবমুক্ত ও কেক কাটেন। এরপর সেখান থেকে বের হওয়া আনন্দ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








