
বিশেষ প্রতিবেদন| মৃধা বেলাল
বরগুনার পুলিশ বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিতে আবারও উজ্জ্বল আমতলী থানা। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা তৃতীয়বারের মতো বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার দত্ত।
অক্টোবর ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও পেশাগত পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বরগুনার পুলিশ সুপার তাঁদের এ সম্মাননায় ভূষিত করেন।
এবারের মূল্যায়নে আমতলী থানার আরও কয়েকজন কর্মকর্তা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। তাঁদের মধ্যে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এসআই আল মামুন হাওলাদার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই মো. আসাদুল হক ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদার।
একই থানার একাধিক কর্মকর্তার এমন ধারাবাহিক সাফল্য আমতলী থানা পুলিশের জন্য নিঃসন্দেহে গৌরবের। বিশেষ করে ওসি ইয়াকুব হোসাইনের টানা তৃতীয়বার এবং পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দত্তের টানা চতুর্থবার শ্রেষ্ঠত্ব অর্জন তাঁদের পেশাগত নিষ্ঠা ও কর্মতৎপরতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকর্মী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।








