এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

ধুনটে তুলসীকে ছুরিকাঘাত: টাঙ্গাইল থেকে বাবুকে গ্রেপ্তার করল র‍্যাব

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করাকে কেন্দ্র করে বিরোধের জেরে তুলসী বাগদী (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় পলাতক আসামি আনন্দ বাবু রায়কে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নিলজা ওয়াশী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনন্দ বাবু রায় ধুনট উপজেলার কুঠিবাড়ী গ্রামের পূন্য রায়ের ছেলে। তিনি এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-১৪-এর টাঙ্গাইল ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট সদর ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের বাদলের ছেলে তুলসী বাগদীর সঙ্গে একই এলাকার আনন্দ বাবু রায়ের একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে তাঁদের মধ্যে নিয়মিত যাতায়াত ও সুসম্পর্ক ছিল। একপর্যায়ে বাবুর স্ত্রী রত্নার সঙ্গে তুলসীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে রত্নাকে বিয়ে করেন তুলসী। এ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ওই বিরোধের জের ধরে গত ২৮ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির সামনে তুলসীকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আনন্দ বাবু। এতে তুলসী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত তুলসী বাগদীর বড় ভাই পলাশ বাদী হয়ে ধুনট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আনন্দ বাবু রায় পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আনন্দ বাবু রায়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply