এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
জীবনযাপন

দেশপ্রেম আমার কাছে স্লোগান নয়, জীবনের অঙ্গীকার।

দেশকে ভালোবাসি—হয়তো একদিন এই ভালোবাসাই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তবুও সত্যের পথ থেকে পিছু হটার মানুষ আমি নই। বরাবরই দেশের স্বার্থে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি, আগামীতেও নেব—যতদিন এই দেহে প্রাণ আছে।

ক্ষুদ্র এই জীবনে হারানোর গল্প অনেক, আঘাতের ক্ষত অসংখ্য, আর বেদনার হিসাব সীমাহীন। জীবন আমাকে দেখিয়েছে লাশের মিছিল, মানুষের কান্না, স্বজন হারানোর হাহাকার এবং এমন কিছু নির্মম বাস্তবতা, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষের কষ্ট আমাকে ভীষণভাবে ব্যথিত করে। অন্যের চোখের জল কখনো কখনো নিজের বুকের ভেতরেও রক্তক্ষরণ ঘটায়।

আমি এমন কিছু মানুষের মৃত্যুর বিচার চাই, যাদের বিচার চাওয়ার মতো কেউ নেই। এমন কিছু লাশের ন্যায়বিচার চাই, যাদের মৃত্যু সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃতির আড়ালে হারিয়ে যাচ্ছে। যেসব ঘটনার কথা কেউ বলতে চায় না, যেসব সত্য আড়ালেই থেকে যায়—আমি সেসবেরও অনুসন্ধান করতে চাই।

অনেকেই হয়তো আমাকে পাগল ভাববেন। ভাবতে পারেন, আপত্তি নেই। অভিযোগও নেই। কারণ, আমি নিজেই নিজেকে একজন পাগল মনে করি—তবে সেই পাগলামি অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে এবং মানুষের ন্যায়বিচারের প্রত্যাশায়।

আমি নতুন কোনো পাগল নই, ২৪-এর যোদ্ধাও নই; তবে ২৪-এর চেতনাকে ধারণ করি। কারণ, ২০২৪-এর গণঅভ্যুত্থান আমাদের নতুন করে মুক্তির স্বাদ ও অধিকার আদায়ের সাহস দেখিয়েছে। সেই চেতনা আমার কাছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা।

দেশের টানে নিজেকে উৎসর্গ করেছি সেই কবেই। দেশকে ভালোবাসার পতাকা বহন করা আমার কাছে নতুন কিছু নয়। এবার হয়তো উন্মোচন করতে যাচ্ছি এক ভিন্ন ভুবন—তুলে ধরব এমন কিছু অজানা বাস্তবতা, কিছু চাপা পড়া ইতিহাস এবং কিছু মানুষের না-বলা গল্প।

আমার জীবনে অনেক অধ্যায় আজও অপ্রকাশিত। অনেক কথা ব্যথা হয়ে জমে আছে, অনেক প্রশ্নের উত্তর আজও অজানা। কিছু ক্ষত নীরবতায় ঢাকা, কিছু প্রতিবাদ সময়ের অপেক্ষায়।

বাঁচা-মরা, জীবন-মৃত্যু—সবই মহান সৃষ্টিকর্তার হাতে। আমি শুধু চাই, যতদিন বেঁচে থাকি, সত্যের পক্ষে, মানুষের পক্ষে এবং দেশের স্বার্থে নিজের দায়িত্বটুকু পালন করে যেতে।

আমি কারও করুণা চাই না, প্রতিশোধও চাই না; চাই সত্যের প্রকাশ, অন্যায়ের বিচার এবং প্রতিটি মৃত্যুর যথাযথ মূল্যায়ন।

সময়ই একদিন সাক্ষ্য দেবে—কে সত্যের পক্ষে ছিল, কে নীরব ছিল, আর কারা ইতিহাসের পাতায় অজানা থেকে গেছে।

— মৃধা বেলাল

বিশেষ প্রতিনিধি

Leave a Reply