এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি সম্ভাবনা কাজে লাগাতে গবেষণার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

খুকৃবি প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষির বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পতিত জমির যথাযথ ব্যবহার এবং কৃষি ও মৎস্যসম্পদ রপ্তানি বাড়াতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাজিবুল করিম।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের বর্তমান অগ্রগতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উপকূলীয় অঞ্চলের কৃষিতে লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাগুলো বিশেষ গুরুত্ব পায়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অঞ্চল উপযোগী গবেষণা পরিচালনা এবং জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এ সময় খরিপ-১ মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬৫ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় আনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে লবণাক্ততা সহিষ্ণু সূর্যমুখীসহ বিভিন্ন সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।
পাশাপাশি চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রক্রিয়াজাতকরণ, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে মতবিনিময় হয়। এ ছাড়া খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা এবং গবেষণার ফলাফল ও উদ্ভাবিত প্রযুক্তি সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের বিষয়টিও আলোচনায় আসে। ২০২৭ সালের সুবিধাজনক কোনো সময়ে সমাবর্তন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে পরবর্তী সময়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হবে বলে জানানো হয়।
রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার পাশাপাশি সার্বিক অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। তিনি এ অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply