এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি নিয়ে বাকৃবিতে তথ্য বিনিময় সভা

বাকৃবি প্রতিনিধি:

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, প্রক্রিয়া ও প্রস্তুতিমূলক নির্দেশনার লক্ষ্যে “ইনফরমেশন সেশন অন ইউএস হায়ার এডুকেশন” শীর্ষক একটি বিশেষ তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎১৮ নভেম্বর (বুধবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে মার্কিন দূতাবাসের উদ্যোগে ও বাকৃবি ছাত্র বিষয়ক বিভাগের সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের এডুকেশন ইউএসএ অ্যাডভাইজর ও এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর গুলশান জারিন আলম এবং ঢাকার গুলশানে অবস্থিত এডওয়ার্ড এম কেনিডি (ইএমকে) সেন্টারের এডুকেশন ইউএসএ অ্যাডভাইজর আহমেদ মোস্তফা রাব্বী।


‎
‎এছাড়া অনুষ্ঠানে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীসহ শাখা ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎গুলশান জারিন আলম তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়ার পাঁচটি ধাপ তুলে ধরেন। ধাপগুলো হলো—বিশ্ববিদ্যালয় সম্পর্কে গবেষণা ও পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন, আর্থিক পরিকল্পনা, আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি প্রস্তুত, এফ-১ শিক্ষার্থী ভিসার আবেদন এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার আগের প্রস্তুতি।
‎
‎এ ছাড়া আবেদনের জন্য প্রয়োজনীয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংরেজি ভাষাদক্ষতার পরীক্ষার স্কোর, প্রযোজ্য ক্ষেত্রে জিআরই বা জিম্যাট স্কোর, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) ও সুপারিশপত্র সম্পর্কে ধারণা দেন তিনি। আবেদনের প্রস্তুতি অন্তত ২৪ মাস আগে শুরু করার পরামর্শ দেন। পাশাপাশি কোনো এজেন্সির ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে বলেন।
‎
‎
‎আহমেদ মোস্তফা রাব্বী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্কলারশিপ, ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে অর্থায়ন জোগাড়ের নানা উপায় তুলে ধরেন। সেই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ তথা টিউশন ফি এবং আবাসন ও দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়া অ্যাসিস্ট্যান্টশিপের পাশাপাশি খরচের সার্বিক সংস্থানের জন্য আর্থিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন ফেলোশিপ, অনুদান ও স্টুডেন্ট লোন নেওয়ার বিকল্প সুযোগ সুবিধা নিয়েও আলোচনা করেন।
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, যারা সরাসরি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া নিয়ে কাজ করেন, তাদের কাছ থেকে সামনাসামনি বিষয়গুলো জানার সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের নানা প্রশ্নের উত্তর জানতে পারবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগ্রহ আমাদের সবারই থাকে। তোমাদের সেই যোগ্যতা ও সম্ভাবনা রয়েছে। তাই এ ধরনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুত কর। এটি ভবিষ্যতে তোমাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে।

‎

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply